‘শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’—এই প্রতিপাদ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা এতে অংশ নেন। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মহাসীনসহ শিক্ষক ও সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, জাতির জ্ঞান, মূল্যবোধ ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









