ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার বলেন, শিক্ষকদের দায়িত্ববোধের সঙ্গে পাঠদান করতে হবে। পাশাপাশি মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। শিক্ষকদের মর্যাদা রক্ষায় আরও সচেষ্ট হওয়ার পাশাপাশি তাদের দাবিদাওয়ার প্রতি সরকারের আন্তরিকতার কথাও উল্লেখ করেন তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষকেরা পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে ভূমিকা রাখেন। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









