ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান খান বলেন, একজন শিক্ষকের শিক্ষা ও আদর্শ শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকে না; তা শিক্ষার্থীর জীবন, পরিবার ও সমাজে প্রভাব ফেলে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
আলোচনা সভায় শিক্ষকদের মর্যাদা, পেশাগত দায়িত্ব ও শিক্ষার মানোন্নয়নে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত বাঞ্ছারামপুর উপজেলার শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









