নীলফামারীর সৈয়দপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস।
সোমবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও এক আলোচনা সভা আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। বিশ্ব শিক্ষক দিবসে অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে র্যালির শুভ উদ্বোধন করেন তিনি।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সকাল ১১টায় শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টার চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।
র্যালিতে সৈয়দপুর উপজেলা বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, ‘‘আমি ও আমার বাবাও কর্ম জীবনের শুরুতেই শিক্ষকতা পেশায় ছিলাম। আমার বাবা এক সময় রাজধানী ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক ছিলেন। সে হিসেবে আমিও একজন শিক্ষক এবং একটি শিক্ষক পরিবারের সন্তান।’’
তিনি বলেন, ‘‘আমি উপলব্ধি করতে পারি একজন শিক্ষক একটি শিক্ষিত সমাজ ও একটি শিক্ষিত পরিবার গঠনে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর একজন শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ে শিক্ষার্থীদের সুনাগরিক ও সুসন্তান হিসেবে গড়ে তোলা সম্ভব। তাই শিক্ষিত সমাজ ও পরিবার গঠনে শিক্ষকদের ভূমিকা ও গুরুত্ব মূল্যায়ন হওয়া উচিত।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









