আধুনিক বাংলাদেশ গড়তে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান।
সোমবার (৫ অক্টোবর) শিক্ষক দিবস উপলক্ষে হলি উলস স্কুল আয়োজিত শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, শিক্ষকদের মাধ্যমে দেশে মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। গত ১৫ বছরে শিক্ষা ক্ষেত্রে তৈরি হওয়া অব্যবস্থাপনা ও দুরবস্থা কাটিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের পুনর্গঠন, অগ্রগতি ও আধুনিক বাংলাদেশ গড়তে তাঁদের অবদান রাখতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষকরা সমাজের গুণীজন। তাদের প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধার বিষয়টি মাথায় রেখে প্রত্যেক শিক্ষককে দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
পরে নগরভবনের প্রশাসকের কার্যালয়ে পাঁচ শিক্ষককে সম্মাননা স্মারক ও উপহার দেওয়া হয়। সম্মাননা পাওয়া শিক্ষকরা হলেন আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান গাজী, ক্যামব্রিয়ান স্কুলের প্রাথমিক শাখার প্রধান মো. ইউসুফ আলী, আদমজী এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা আক্তার, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদরুল হক ও শেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুন নাহার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকদের কাজের স্বীকৃতি তাদের আরও উৎসাহিত করবে এবং মানসম্মত শিক্ষা ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









