‘শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।
সোমবার (৫ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসন মো. তৌহিদ বিন হাসান। র্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এ সময় জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মো. ইউনুছ আলী। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়ার স্থানীয় সরকারের উপ-পরিচালক(উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম।
তিনি বলেন, ‘‘শিক্ষকগণ হলেন জাতির অভিভাবক ও সমাজ গঠনের মূল কারিগর। একজন আলোকিত মানুষ গড়ার পেছনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করা এবং সমাজে তাদের সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।’’
অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় শিক্ষক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









