বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষা খাতে বৈষম্য দূর করে এমপিও ও নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছেন শিক্ষকরা।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও শিক্ষক পরিবারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকরা অবসরপ্রাপ্ত এমপিও শিক্ষক-কর্মচারীদের পেনশন পেতে দীর্ঘসূত্রতা এবং সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সুযোগ-সুবিধার বৈষম্যের বিষয় তুলে ধরেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা। এ ছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিটলারুলজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোছা. মরিয়ম বেগমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
শিক্ষকরা উপজেলার বিভিন্ন মাদ্রাসার অবকাঠামো ও যোগাযোগ সমস্যার কথাও তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান।
ইউএনও মাহমুদ হাসান মৃধা বলেন, শিক্ষকদের দাবিগুলো নোট করা হয়েছে। এসব বিষয় লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









