নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র, লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম এবং একটি সিএনজি জব্দ করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় মহাসড়কের ইসপাইসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিপরীতে ঢাকা অভিমুখী সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. পারভেজ (৩৬), প্রান্ত (২৮), মো. রোহান (২২), মো. ডালিম (৪৮), নাজমুল (২৮) ও মো. অন্তর (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালালে ৯ থেকে ১০ জনের একটি ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় ছয়জনকে আটক করা হয়। দলের আরও ৩ থেকে ৪ জন সদস্য পালিয়ে যায়।
আটক ব্যক্তিদের কাছ থেকে একটি কাটার, দুটি রামদা, একটি ছুরি, একটি দা, একটি রড, একটি প্লাস ও একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে থাকা সিএনজির পেছন থেকে আরও তিনটি লোহার রড উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হওয়ার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









