চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ওবাইদুল আজিম রিংকু (৩৫) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ওবাইদুল আজিম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিস্ত্রিপাড়ার আনোয়ারুল আজিমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর রিংকু প্রথমে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রিংকুর পারিবারিক বন্ধু মতিউল ইসলাম শিপন জানান, রিংকু ছাড়াও তাঁর স্ত্রী ও সন্তান একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান জানান, রিংকুকে ডেঙ্গু শক সিনড্রোম নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই সময় তাঁর হৃদস্পন্দনের হার অনেক কমে যাওয়ায় তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।
এদিকে জেলা সিভিল সার্জন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। বর্তমানে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টাতেই নতুন করে ভর্তি হয়েছেন ৩০ জন রোগী। এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও সতর্কতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









