পটুয়াখালীতে শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ২১ হাজার কেজি জিরাসহ একটি কার্গো বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ অক্টোবর) রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর একটি বিশেষ দল সদর উপজেলার পালপাড়া সংলগ্ন নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক কার্গো বোটটিতে তল্লাশি চালিয়ে ভারত থেকে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ২১ হাজার কেজি জিরা পাওয়া যায়। পরে জিরাসহ কার্গো বোটটি জব্দ করা হয়।’
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ কৃত জিরার আনুমানিক মূল্য এক কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা।
তিনি জানান, জব্দ করা জিরা ও কার্গো বোটটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ পণ্য পরিবহন বন্ধ এবং দেশের রাজস্ব সুরক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









