মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামে শেরপুরের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হন।
নিহত সাইফুল ইসলাম শেরপুর সদর উপজেলার ফটিয়ামারী পুরাতনপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন সাইফুল। দুর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা ফল কাটার ধারালো সরঞ্জামের আঘাতে তার গলায় গুরুতর জখম হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিবারকে জানানো হয়েছে।
সাইফুলের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের পক্ষ থেকে তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে দাফনের ব্যবস্থা করতে সরকার ও মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









