কক্সবাজারের চকরিয়ায় পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তিরা অবৈধ অস্ত্র বিক্রির পাশাপাশি জলদস্যুতা, ডাকাতি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টার দিকে অভিযান চালানো হয়। কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ী ও মহেশখালীর সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
আটককৃত হলেন—কক্সবাজারের আক্তার আহমেদ (৭৮), মো. তানভীর (২১) ও রুকমদ্দিন (৪২)।
কোস্ট গার্ড জানায়, সমুদ্রে বাণিজ্যিক জাহাজে চুরি-ডাকাতির সঙ্গে জড়িতদের কাছে অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে ৫-৬ জনের একটি দল চকরিয়া থানার বদর আওলিয়া ঘাটসংলগ্ন এলাকায় অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে মাতারবাড়ী ও মহেশখালীর সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে চারটি দেশীয় একনলা বন্দুক, একটি দুইনলা বন্দুক ও ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ তিনজনকে আটক করা হয়।
কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তিদের নেতৃত্বাধীন চক্রটি অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির পাশাপাশি জলদস্যুতা, পর্যটকদের ওপর হামলা, ডাকাতি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তারা স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা অস্ত্র-কার্তুজ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









