মানিকগঞ্জের বেউথা কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন হওয়ায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার ‘মায়ের দোয়া’ নৌকার মাঝি ও পরিচালকদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রৌমারী উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নির্দেশনায় এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে নৌকার মাঝি ও পরিচালকদের শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হাসান।
গত শনিবার মানিকগঞ্জের বেউথা কালীগঙ্গা নদীতে উৎসবমুখর পরিবেশে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে ২২টি নৌকা এতে অংশ নেয়। প্রথমবার প্রতিযোগিতায় অংশ নিয়ে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাগুয়ারচর গ্রামের ‘মায়ের দোয়া’ নৌকা অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ী নৌকার দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও একটি মোটরসাইকেল পুরস্কার দেওয়া হয়। রৌমারীর নৌকার এমন সাফল্যে কুড়িগ্রাম তথা রংপুর বিভাগের সুনাম অর্জিত হয়েছে উল্লেখ করে উপজেলা প্রশাসন এ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে নৌকার মাঝি ও পরিচালকদের প্রত্যেককে রজনীগন্ধার ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী, বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল কাদের সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক অধ্যক্ষ হায়দার আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









