নাটোরের বড়াইগ্রামে চারটি দোকানঘরে তালা দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে মাহবুর রহমান মবু ও আফজাল হোসেন সাবুসহ কয়েকজনের বিরুদ্ধে। জমি ফিরে পেতে এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন জমির মালিক বিধবা নাজমা খাতুন।
বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বনপাড়ায় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
নাজমা খাতুন বলেন, বড়াইগ্রাম ইউনিয়নের জালশুকা বাজারে তার প্রয়াত স্বামী মহসিন আলী প্রামাণিকের রেখে যাওয়া ৩৩ শতক জমিতে সড়কের পশ্চিম পাশে পাঁচটি দোকানঘর নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছিল। শনিবার সকালে মবু ও সাবুর নেতৃত্বে মোখলেসুর রহমানসহ কয়েকজন ওই পাঁচটি দোকানের মধ্যে চারটিতে তালা লাগিয়ে দেন। পরে দোকানিদের জানানো হয়, দোকানঘরগুলোর মালিক এখন মবু ও সাবু এবং ভাড়াও তাঁদের দিতে হবে।
নাজমা খাতুনের অভিযোগ, ঘটনাস্থলে গেলে তাকে গালিগালাজ করে সেখানে যেতে নিষেধ করা হয়। তার ছেলে ও আত্মীয়স্বজনকে হত্যা করে লাশ গুমের হুমকিও দেওয়া হয়েছে। জমি উদ্ধারের উদ্যোগ নিলেই বাধা ও হুমকির মুখে পড়তে হচ্ছে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
নাজমা খাতুন আরও দাবি করেন, অভিযুক্ত মবু ও সাবু ফুলবতী গ্রামের ছমির হত্যা মামলার প্রধান দুই আসামি। তাদের ভয়ে স্থানীয় লোকজনও কথা বলতে সাহস পান না।
সংবাদ সম্মেলনে জমি দখলমুক্ত করা, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক, পুলিশ প্রশাসন ও স্থানীয় সচেতন মহলের সহযোগিতা চান নাজমা খাতুন। এ সময় তার ছেলে শামীম প্রামাণিক উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









