কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি আতহারুল উলুম হোসাইনিয়া মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য শিক্ষা প্রদর্শনী, কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাউতি আতহারুল উলুম হোসাইনিয়া মাদরাসার পরিচালক এবং নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার পরিচালক ও রাউতি আতহারুল উলুম হোসাইনিয়া মাদরাসার সভাপতি মাওলানা ফয়েজ উদ্দিন, সেকান্দর নগর সাহেব বাড়ী মাদরাসার পরিচালক মাওলানা সৈয়দ আবু সায়েম, দড়িজাহাঙ্গিরপুর রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার পরিচালক মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা শাহেদ এনাম, রাউতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মামুন হাসান ও মো. মহসিন খান।
এ ছাড়া অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় আলেম-ওলামা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আয়োজিত শিক্ষা প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা, অর্জিত জ্ঞান ও বিভিন্ন প্রতিভার চমৎকার বহিঃপ্রকাশ ঘটায়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অভিভাবক সম্মেলনে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের করণীয় ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং এলাকায় ইসলামের সঠিক জ্ঞান প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









