গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠিতে অভিযান চালিয়ে ৪৭ হাজার টাকার জাল নোটসহ হাসি আক্তার (৩২) নামের এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন তার স্বামী ও চক্রের মূল হোতা মো. কাওসার খান (৩৫)।
বুধবার (২৮ অক্টোবর) রাতে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ভাটারাকান্দা এলাকা থেকে জাল নোটসহ তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার ৮ নম্বর ধানসিঁড়ি ইউনিয়নের ভাটারাকান্দা এলাকায় কাওসার খানের বসতঘরে এই অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই বাড়িটি ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় ৫’শ টাকার ৯২টি এবং ১ হাজার টাকার ১টিসহ মোট ৪৭ হাজার টাকার জাল নোট এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেপ্তার হাসি আক্তার ভাটারাকান্দা এলাকার স্থায়ী বাসিন্দা। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি গোপনে জাল নোটের কারবার চালিয়ে আসছে। অভিযানের সময় টের পেয়ে মূল অভিযুক্ত কাওসার খান পালিয়ে যাওয়ায় তাঁকে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
এ ঘটনায় ডিবির এসআই মো. হুমায়ুন কবির বাদী হয়ে হাসি আক্তার, কাওসার খান এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে ঝালকাঠি সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই নারীকে আটক করা হয়েছে। এ জাল চক্রের সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার নারীকে ঝালকাঠি আদালতে সোপর্দ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









