কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে নালার পানির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিন লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় খালেদা বেগম (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার দুই ছেলেসহ একাধিক সহযোগী পালিয়ে গেছেন বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা এলাকার কেচোবুনিয়াছড়ায় অভিযান চালানো হয়। জেবর মল্লিকের চাষের জমিতে মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিএসসি, কক্সবাজারের একটি আভিযানিক দল সেখানে যায়।
এ সময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করেন। পরে খালেদা বেগমকে গ্রেপ্তার করতে সক্ষম হন অভিযানকারীরা। জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্য ও দেখানো মতে, চাষের জমির পাশে বাঁশের সাঁকোসংলগ্ন নালার পানির নিচে তল্লাশি চালানো হয়। সেখানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিন লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
এসআরবি -১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক(মিডিয়া) আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার খালেদা বেগম রামুর কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীরকাটা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক কারবার ও পাচারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার দুই ছেলেসহ একাধিক সহযোগী পলাতক রয়েছেন। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কার্যক্রম চলছে।
গ্রেপ্তার নারী, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দ করা মোবাইল ফোনসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









