জয়পুরহাটের পাঁচবিবিতে তুলসীগঙ্গা নদীর তলদেশ থেকে ৮৫ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তির খণ্ডিত অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা প্রত্নতাত্ত্বিক নিদর্শনটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫ লাখ টাকা।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের সরাসরি তত্ত্বাবধানে পাঁচবিবি থানা পুলিশের বিশেষ টহল দল ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে যৌথ অভিযান শুরু হয়। পরে রাত ৯টা ১৫ মিনিটের দিকে ফিসকাঘাট বাজারসংলগ্ন তুলসীগঙ্গা নদীতে তল্লাশি চালিয়ে পানির নিচে নিমজ্জিত অবস্থায় মূর্তিটির বড় একটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর নির্ভরযোগ্য ডিজিটাল ওজন পরিমাপক স্থানে মূর্তিটির ওজন করা হলে ৮৫ কেজি পাওয়া যায়। এর সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫ লাখ টাকা।
বিজিবি আরও জানায়, উদ্ধার করা নিদর্শনটি কষ্টিপাথরের কি না তা যাচাইয়ে নওগাঁর বদলগাছীতে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধবিহার কার্যালয় থেকে সত্যতা সংক্রান্ত সনদ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা এজাহার করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









