এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে বরিশাল শিক্ষা বোর্ডে। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে প্রায় ১৮ শতাংশ পয়েন্ট। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এ বছর বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৯৫০ জন শিক্ষার্থী। এ ছাড়া ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।
ফলাফল প্রকাশকালে তিনি বলেন, যথাযথ পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে এবারের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।
বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর বরিশাল বোর্ডের অধীনে বিভাগের ছয় জেলার ৩৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ছাত্র ২৬ হাজার ৭৫৫ জন এবং ছাত্রী ৩১ হাজার ১৫৭ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২৫ হাজার ৯৭০ জন।
ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, গত বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন। অথচ এবার পাসের হার নেমে এসেছে ৪৪ দশমিক ৮৪ শতাংশে। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৭ দশমিক ৭৩ শতাংশ পয়েন্ট। অন্যদিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭২৪ জন।
এবারের ফলাফলে সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেননি। এতে এসব প্রতিষ্ঠানের শিক্ষার মান, পাঠদান কার্যক্রম ও সার্বিক ফলাফল নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
সব মিলিয়ে গত বছরের তুলনায় এবার বরিশাল শিক্ষা বোর্ডের এইচএসসি ফলাফলে পাসের হার ও সর্বোচ্চ জিপিএ অর্জন, দুই ক্ষেত্রেই বড় অবনতি হয়েছে। বিশেষ করে জিপিএ-৫ ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্ট মহলে ফলাফল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









