পিরোজপুরের নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়া এবং তাঁকে অসম্মান করার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার সকাল ১১টায় পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিট কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এমএ জব্বার খান ও মো. সিরাজুল আলম মোল্লাসহ অন্যরা।
বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়া এবং তাঁকে অসম্মান করার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।
তাঁরা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সমাবেশ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা সুরক্ষার দাবি জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









