ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পিরোজপুরের বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান।
সোমবার (২ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময় অনুযায়ী গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান মনোনয়নপত্র জমা দেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রোববার (১ নভেম্বর) বিকেল ৪টার মধ্যে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২ ধারার উপধারা (১) অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকায় তাঁর নাম প্রকাশ করা হয়েছে।
এর আগে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। ওই ঘটনার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন। পরবর্তী সময়ে তিনি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
এরপর শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই নির্বাচনে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া এলিজা জামান শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









