নারায়ণগঞ্জের রূপগঞ্জে সীম গ্রুপের একটি টেক্সটাইল কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চার শ্রমিক দগ্ধ হয়েছেন বলে সহকর্মীদের দাবি। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় একজন শ্রমিক দগ্ধ হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ির টেক এলাকায় কারখানাটির চারতলা ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকেরা হলেন ইসমাইল, কামরুল ইসলাম, তপন ও নাঈমুল ইসলাম। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তাঁদের মধ্যে নাঈমুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক।
কারখানার শ্রমিকেরা জানান, ভবনের দ্বিতীয় তলায় মেকানিক্যাল সেকশনের এয়ার কম্প্রেসার কক্ষে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই কক্ষটিতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশে থাকা শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় ওই কক্ষে কর্মরত চার শ্রমিক দগ্ধ হন। পরে সহকর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
কাঞ্চন ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মাহফুজার রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে কারখানার প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম দাবি করেন, কারখানার ডায়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণের ঘটনায় একজন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হতাহতের সংখ্যা ও আহতদের চিকিৎসার স্থান নিয়ে শ্রমিকদের বক্তব্যের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের তথ্যে অমিল পাওয়া গেছে। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









