জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ভারতীয় সিরাপ, ইয়াবা ও ভাঙা অ্যাম্পলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়।
সোমবার (২ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন ওই গ্রামের মোতাহার মণ্ডল (৫৫), শাকিলা (৪৫) ও কানিজ ফাতেমা (৫০)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে ৩০ সদস্যের একটি টহল দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের নিয়ে যৌথ অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করা হয়।
অভিযানে ১০ বোতল ভারতীয় ফেয়ারড্রিল সিরাপ, ২ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ, ২৫৬ পিস ইয়াবা এবং ২৬০ পিস ভাঙা অ্যাম্পল জব্দ করা হয়।
বিজিবির বিজ্ঞপ্তিতে জব্দ করা সামগ্রীর আনুমানিক মূল্য উল্লেখ করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা। এর মধ্যে ফেয়ারড্রিল সিরাপের মূল্য ৩০ হাজার, উইনসেরেক্স সিরাপের মূল্য ৬ হাজার, ইয়াবার মূল্য ১ লাখ ২ হাজার ৪০০ এবং ভাঙা অ্যাম্পলের মূল্য ৩৯ হাজার টাকা।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা মাদকদ্রব্যসহ তাঁদের পাঁচবিবি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









