চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় একটি বটগাছের গোড়া থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লেখাটালার মোড় থেকে ককটেল দুটি উদ্ধার করা হয়।
এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবির একটি অভিযানিক দল জানতে পারে, শিবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লেখাটালার মোড়ের একটি বটগাছের গোড়ায় অবিস্ফোরিত ককটেল পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরে তথ্যের সত্যতা যাচাই করে অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়।
সেখানে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে সাদা কসটেপে মোড়ানো একটি এবং কালো কসটেপে মোড়ানো আরেকটি ককটেল উদ্ধার করে জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার করা ককটেলগুলো দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা সেখানে মজুত করে রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পরে উদ্ধার করা ককটেলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









