ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও শাল জব্দ করেছে এসআরবি। এ সময় দুটি কাভার্ডভ্যানসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানার মেদিনীমণ্ডল এলাকায় চেকপোস্ট বসিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০ জানতে পারে, ভারতীয় শাড়ি ও শালবোঝাই দুটি কাভার্ডভ্যান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে ঢাকার দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মেদিনীমণ্ডল এলাকায় চেকপোস্ট বসিয়ে কাভার্ডভ্যান দুটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে ২৬ হাজার ৩৫৩ পিস শাড়ি ও ২ হাজার ৪৮৭ পিস ভারতীয় শাল উদ্ধার করা হয়।
এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জব্দ করা শাড়ি ও শালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা। এ সময় কাভার্ডভ্যান দুটি থেকে সাজ্জাদ হোসেন (২৮) ও নাজমুল হোসেন (৩২) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। সাজ্জাদ হোসেনের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলায় এবং নাজমুল হোসেনের বাড়ি একই জেলার কলারোয়া উপজেলায়।
এসআরবি আরও জানায়, জব্দ করা মালামাল, দুটি কাভার্ডভ্যান ও গ্রেপ্তার দুই যুবককে পদ্মা সেতু উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









