গাইবান্ধার সুন্দরগঞ্জে আইনুন নাহার আঁখি ও তাঁর শিশু সন্তান আদিল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বজরা-কন্সিবাড়ি বাজারে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, নিহত আঁখির বড় মেয়ে রেজওয়ানা আক্তার, সামছুনাহার খুকি, নজরুল ইসলাম, সাইফুল, তানহা ও হারুন অর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান। তাঁরা আঁখি ও তাঁর শিশু সন্তান আদিল হত্যার ঘটনায় অভিযুক্ত মোছা. শাহিনা খাতুন, বাদলসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা বলেন, মা ও শিশুকে হত্যার মতো নৃশংস ঘটনার সঙ্গে জড়িত কেউ যেন আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যেতে না পারে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশ থেকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সহযোগীদের বিচারের আওতায় আনা এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








