ঝিনাইদহের মহেশপুরে দুই ছেলের নামে জমি লিখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে মাহবুব তরফদার (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। তাঁর এক ছেলে ও তিন মেয়ে মরদেহ দাফনে আপত্তি জানান। এতে প্রায় ১৩ ঘণ্টা ধরে দাফন ছাড়াই পড়ে থাকে মরদেহ।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়ীয়া তরফদার পাড়ায় এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ দাফন করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে যশোরের চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুব তরফদার। তাঁর তিন ছেলে ও তিন মেয়ে। বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার জোরপূর্বক বাবার কাছ থেকে নিজেদের নামে জমি রেজিস্ট্রি করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে সন্তানদের মধ্যে বিরোধ চলে আসছিল।
শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর পেয়ে মেজো ছেলে বাক্প্রতিবন্ধী রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন বাড়িতে আসেন। এ সময় তাঁরা বাবার মরদেহ দাফনে বাধা দেন।
তিন মেয়ের অভিযোগ, তাঁদের প্রাপ্য জমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাবার মরদেহ দাফন করতে দেওয়া হবে না। দীর্ঘদিন ধরে তাঁদের বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তাঁরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই বছর ধরে রফিকুল তরফদার ও তাঁর তিন বোনকে বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না। এ ঘটনায় তাঁরা আদালতে মামলাও করেছেন।
অন্যদিকে, বাবার জমি জোরপূর্বক রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার। তাঁদের দাবি, তাঁরা কোনো জোরজবরদস্তি করেননি; বরং বাবা স্বেচ্ছায় তাঁদের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে স্থানীয়ভাবে দফায় দফায় মীমাংসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








