ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বারোবাজার ইউনিয়নের হাসিলবাগ গ্রামে ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের চেয়ার, টেবিল, টেলিভিশন, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পর তারা কিছু সময় ঘটনাস্থলে অবস্থান করে চলে যায়। পরে কার্যালয়ে আগুন লাগার বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের উসকানিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় ছাত্রদল কর্মী শাকিল খান বলেন, রাত ২টার দিকে এক নারী বিএনপি কার্যালয়ে আগুন দেখতে পেয়ে চিৎকার করেন। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় কার্যালয়ের ভেতরে থাকা টেলিভিশন, ফ্যান, চেয়ার-টেবিলসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেন তিনি।
কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, দিনের বেলায় কিছু করার সাহস না পেয়ে রাতের অন্ধকারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নেতাদের উসকানিতে ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে তাঁরা মনে করছেন। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, বারোবাজারের হাসিলবাগ গ্রামে স্থানীয় বিএনপির একটি কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








