‘নেন, কি করবেন। করেন। স্যুট করবেন। করেন। আমি বাংলাদেশের সীমান্তে থাকলে আপনার সমস্যা কি? ঠিক এভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) বলছিলেন বাংলাদেশি এক যুবক। এমডি নীরব নামে ফেসবুক আইডিতে ওই যুবক ভিডিওটি পোস্ট করলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে করা ওই পোস্ট আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবার নজরে আসে।
খোঁজ নিয়ে জানা যায়, ঘটনাটি কসবা পৌর এলাকার তারাপুর সীমান্তে। তবে কবে এ ভিডিওটি করা হয় সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। যুবকের পরিচয় জানতে চেষ্টা করছেন পুলিশসহ সংশ্লিষ্টরা।
ওই যুবকের ফেসবুক আইডি ঘুরে দেখা যায়, সে কন্টেন্ট ক্রিয়েটর। তার বেশিরভাগ কন্টেন্ট কসবা উপজেলা ও এর আশেপাশে বানানো। সীমান্তের ভিডিওটি করার সময় সে শহীদ আবু সাঈদের মতো দুই হাত তুলে বুক পেতে দেয়। এ সময় ভিডিও করেন আরেকজন। পাশ থেকে একজনকে কথা বলতেও শোনা যায়।
সীমান্তে করা ভিডিওতে বুঝা যায়, একাধিক যুবক একেবারে কাঁটাতারের বেড়া ঘেঁষে দাঁড়ায়। এ সময় বিএসএফ সদস্য এসে তাদেরকে সরে যেতে বলে। কিন্তু যুবকরা এতে ক্ষিপ্ত হয়। তারা এখান থেকে সরবে না বলে জানায়।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, এ বিষয়ে তারা খোঁজ নিচ্ছেন। ওই যুবকদের পরিচয় সম্পর্কেও জানার চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









