কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় মাদকের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে সানি শেখ সাগর (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার বন্ধুরা।
রবিবার (৮ মার্চ) দুপুরে শহরের চৌড়হাস কোল্ডস্টোর পাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাগর ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সাগর বাড়ি ফেরার পথে তার কয়েকজন বন্ধু ডেকে নিয়ে যায়। এরপর কোল্ডস্টোর পাড়া এলাকায় পৌঁছালে তারা চাপাতি ও রামদা নিয়ে সাগরের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সাগরের হাত-পা ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
হামলার পর অভিযুক্তরাই সাগরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
তিনি আরো বলেন, ‘আমরা ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।’
জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









