খুলনায় আইসক্রিম কিনে দেবার প্রলোভন দেখিয়ে জান্নাতুল মাওয়া নামের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের ১২ ঘণ্টা পর জান্নাতুল মাওয়া (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে নগরীর হরিণটানা গেট সংলগ্ন খেজুরবাগান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু লবণচরা থানাধীন রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা মো. শাহজালালের মেয়ে।
শিশুটির বাবা মো. শাহজালাল জানান, ঈদের দ্বিতীয় দিন বিকেলে শিশুটির মায়ের ফুফাতো ভাই তোতা মিয়া তাদের বাড়িতে বেড়াতে আসেন এবং রাতে সেখানে থাকেন। পরদিন সোমবার সকালে শাহজালাল পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে শ্বশুরবাড়ি বিয়ের অনুষ্ঠানে যান। দুপুরে তিনি বরযাত্রীর সঙ্গে বের হয়ে গেলে স্ত্রী, সন্তান ও তোতা মিয়া বাড়িতে অবস্থান করছিলেন।
দুপুর দেড়টার দিকে তোতা মিয়া শিশু জান্নাতুল মাওয়াকে আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। তাদের ফিরতে দেরি হওয়ায় শিশুরটির মা তোতা মিয়ার ফোনে যোগাযোগ করেন, তখন তিনি জানান মাওয়া আইসক্রিম খাচ্ছে। ওই সময় শিশুটির সঙ্গে তার মা কথা বলেন। এরপর থেকেই তোতা মিয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বিকেলের পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোনো সন্ধান না পেয়ে রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। রাত ২টার দিকে তোতা মিয়া শিশুটির বাবার ইমোতে তিনটি ভয়েস রেকর্ড পাঠান। এতে তিনি তিনজনের নামে মামলা করতে এবং তাদের কাছ থেকে পাওনা তিন লাখ টাকা আদায়ের কথা বলেন। পরবর্তী আরেকটি ভয়েস বার্তায় শিশুটির মরদেহ হরিণটানা এলাকার একটি ঝোপে ফেলে রাখা হয়েছে বলে জানান।
পরে পুলিশ ও পরিবারের সদস্যরা হরিণটানা গেটের বিপরীত পাশে মহাসড়কের দক্ষিণে খেজুরবাগান এলাকায় ঝোপের ভেতর থেকে গলায় দড়ি বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত তোতা মিয়াকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, তোতা মিয়ার গ্রামের বাড়ি বরিশালের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকায়। তিনি জাহাজে চাকরি করতেন এবং বিভিন্ন অপরাধের কারণে অতীতে কারাভোগও করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









