ভোলার সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ রুহিতা গ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ থেকে ৬ জন আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, ১৯৬৯ সাল থেকে মৃত আব্দুল খালেক সরদারের ওয়ারিশরা প্রায় ১০ শতাংশ জমির মালিকানা ভোগ করে আসছেন। ওয়ারিশদের মধ্যে মোসলেহউদ্দিন, সিরাজুল ইসলাম, জসিম, আমির হোসেন, লাইজু, আরজু ও হালিমা রয়েছেন। তাদের দাবি, ১৯৬৯সাল থেকে তারা শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখলে ছিলেন। তবে প্রায় এক বছর আগে হাদিস গংরা জোরপূর্বক জমিটি দখল করে নেয়।
অভিযোগ রয়েছে, শনিবার বিকেলে ভুক্তভোগীরা নিজেদের জমির সামনে গেলে হাদিস ও ইমন সহ কয়েক জন মিলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে।
এতে ৫ থেকে ৬ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে এবং অন্যদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী মোসলেহউদ্দিন ও সিরাজুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও অভিযুক্তরা তা মানেনি। এমনকি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেই জমি দখল করে রেখেছে বলে তারা অভিযোগ করেন।
স্থানীয় বাসিন্দা মো. শাহীন বলেন, দীর্ঘদিন ধরে জমিটি খালেক সরদারের ওয়ারিশদের দখলে ছিল। হঠাৎ করে উভয় পক্ষের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে।
অন্যদিকে অভিযুক্ত হাদিস ও ইমন দাবি করেন, জমিটি তারা ক্রয় ও ওয়ারিশ সূত্রে বৈধভাবে মালিকানা অর্জন করেছেন। এবং তাদের উপর হামলা ও ভাঙচুর এর কথা জানান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









