মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে এমপি ও কেন্দ্রীয় নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে শ্রীনগর থানার ওসি (তদন্ত) সহ ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শ্রীনগর সমবায় ব্যাংক বা জমজম টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জমজম টাওয়ারের সামনে জড়ো হচ্ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু ও উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সমর্থকরা। জমজম টাওয়ারের সামনে থেকে ডাকবাংলো পর্যন্ত তাদের পূর্বনির্ধারিত আনন্দ মিছিলের কর্মসূচি ছিল।
এ সময় মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মো. আব্দুল্লাহর কয়েকজন অনুসারী লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা দুই গ্রুপের সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের মাথা ফেটে গেছে। তিনিসহ অহিদুল ইসলাম খোকা মেম্বার (৫২), রাহাদ চৌকিদার (২৮), জসিম দেওয়ান (৪০), বাবুল খান (৪৫) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
সপু গ্রুগের এক সমর্থক জানান, এমপি গ্রুপের র্যালির কর্মসূচি রয়েছে বিকেলে। সকালে আমাদের কর্মসূচি ছিলো। কিন্তু তারা গায়ে পয়ে এসে আমাদের ওপর হামলা করেছে।
তবে এমপি গ্রুপের দাবি, তাঁরা কয়েকজন মিলে মিছিল নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় র্যাব ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ জুয়েল মিয়া জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









