শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গভীর রাতে ধামুরা বাজারে আগুন, মুহূর্তে পুড়ে গেল ৮টি দোকান

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১০:৫৬ এএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ১০:৫৬ এএম

গভীর রাতে ধামুরা বাজারে আগুন, মুহূর্তে পুড়ে গেল ৮টি দোকান

বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সোমবার (৩১ মার্চ) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে ধামুরা বাজারের পূর্ব পাড় বাসস্ট্যান্ড সংলগ্ন একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। গভীর রাতে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার ধারণ করে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন এবং আগুন নিয়ন্ত্রণে নিজেরাই প্রাথমিকভাবে চেষ্টা চালান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পল্ট্রি ফিড, স্টিল, ফার্নিচার, স্যানিটারি, টাইলস ও ফিশ ফিডের দোকানসহ মোট ৮টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ অর্থ পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাদের মধ্যে অনেকেই ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। হঠাৎ এই অগ্নিকাণ্ডে তাদের সব পুঁজি ধ্বংস হয়ে যাওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় ধামুরা বাজার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগ বিরাজ করছে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.