সাইবার এ্যাক্ট মামলায় ভোলা পৌরসভার এক নারী কর্মীকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা। সোমবার (৬ এপ্রিল) ভোলা জামায়াতে ইসলামীর ভোলা জেলা কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হারুন অর রশিদ বলেন, ভোলা পৌরসভার ৬ নং ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের যমযম টাওয়ারের তৃতীয় তলায় নিজ বাসা থেকে শনিবার (৫ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে জামায়াতের মহিলা কর্মী বিবি সাওদা (৩৭) কে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে। পরে তাকে একটি সাইবার এ্যাক্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের আমীর মুহাম্মদ জাকির হোসাইন। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্রে মত প্রকাশের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। কিন্তু কোনো ধরনের অপরাধের দালিলিক প্রমাণ ছাড়াই একজন নারী রাজনৈতিক কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত বিবি সাওদার তিন বছরের একটি বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে। পরিবারের পক্ষ থেকে শিশুটির বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে গ্রেফতার না করার অনুরোধ জানানো হলেও আইনশৃঙ্খলা বাহিনী ‘উর্ধ্বতন নির্দেশ’ থাকার কথা বলে তাকে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে বিবি সাওদার মুক্তির দাবি জানান। অন্যথায় এ বিষয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









