নীলফামারীর কিশোরগঞ্জে ঘরে বসে বিভিন্ন দেশের অনলাইন জুয়ার সাইট পরিচালনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। এর আগে গত শুক্রবার রাতে বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈশ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈশ্যপাড়ার মৃত ইব্রাহিম ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৪), মেলাবর পশ্চিমপাড়ার শ্রী নরেন চন্দ্র রায়ের ছেলে উকিল চন্দ্র রায় (২৪) এবং জলঢাকা থানার দুন্দীবাড়ি এলাকার বাহাদুর ইসলামের ছেলে স্বাক্ষর ইসলাম (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বাড়িতে বসে বিভিন্ন দেশের অনলাইন জুয়ার সাইট পরিচালনা করে আসছিলেন। পাশাপাশি তারা ব্যাংক লোন, ভিসাসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৪টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি ওয়াইফাই রাউটার, ১টি ল্যাপটপ, ১টি ডেস্কটপ কম্পিউটার এবং ৮৬২টি লটারির টিকিটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, তারা দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ার সাইট পরিচালনা ও ব্যাংক লোনের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিলেন। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









