রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ছিনতাই-রাহাজানি রোধে প্রশাসনকে সময় বেঁধে দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পিএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পিএম

ছিনতাই-রাহাজানি রোধে প্রশাসনকে সময় বেঁধে দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেটে ছিনতাই-রাহাজানি প্রতিরোধে আইনশৃঙ্খলাবাহিনীকে এক সপ্তাহের সময় বেঁধে দিয়ে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন দেখতে চান এবং এ সময়ের মধ্যে কোনো ধরনের অভিযোগ শুনতে চান না।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গত মাসের তুলনায় সিলেটের পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবু্ও জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভার মাসিক প্রতিবেদন নিয়মিতভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাতে হবে, যাতে গৃহীত সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে কেন্দ্রীয়ভাবে অবগত থাকা যায়।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। বিশেষ করে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) চোরাচালানের রুট ম্যাপ তৈরি করে জমা দেওয়া এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত চেকপোস্ট স্থাপনের নির্দেশ দেন। তেলের অবৈধ পাচার ঠেকাতে ডিপোগুলোতে নজরদারি বাড়ানোর কথাও বলেন তিনি। সরকারের ভর্তুকির তেল যাতে বাইরে চলে না যায়, সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

এছাড়া জেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ প্রবাসী যাত্রীদের হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। এছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

রাহাত/সিলেট/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.