বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে আয়োজিত তিন দিনব্যাপী বৈশাখী পিঠা মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সৈয়দপুর ডাকবাংলো প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মেলার দ্বিতীয় দিন বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকেই দর্শনার্থীদের ঢল নামে, যা রাত পর্যন্ত অব্যাহত থাকে।
পহেলা বৈশাখের দিন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘আমরা একসাথে’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।
অনেক দিন পর সৈয়দপুরে এমন আয়োজনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের এলাকা থেকেও বিপুল সংখ্যক মানুষ মেলায় অংশ নিচ্ছেন। নববর্ষের আমেজে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ হয়ে উঠেছে প্রাণবন্ত।
মেলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, রবিউল হক রবিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় বাঙালির ঐতিহ্যবাহী পিঠা সংস্কৃতির এক বর্ণিল সমাহার দেখা গেছে। প্রায় ৭০টি স্টলে চিতই, ভাপা, পাটিসাপটা, দুধচিড়াসহ বিভিন্ন দেশীয় পিঠার পাশাপাশি আধুনিকতার ছোঁয়ায় কাপড়, আচার, বই, কেক, মিষ্টান্ন ও হালকা খাবারের স্টল দর্শনার্থীদের আকর্ষণ করছে।
আয়োজকরা জানান, মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংগঠনের প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবক নিরলসভাবে কাজ করছেন। মেলা প্রাঙ্গণ সজ্জা, স্টল বরাদ্দ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দর্শনার্থীদের প্রয়োজনীয় সেবা দিতে তারা সকাল থেকে রাত পর্যন্ত দায়িত্ব পালন করছেন।
‘আমরা একসাথে’ সংগঠনের সভাপতি তারিকসহ আয়োজক কমিটির সদস্য শুভ, নয়ন প্রমুখ জানান, বাঙালির হাজার বছরের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ পিঠা সংস্কৃতি। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরতেই আমাদের এ আয়োজন। মেলায় ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে দূর-দূরান্ত থেকে পরিবার নিয়ে মানুষ আসছেন।
অন্যদিকে, মেলায় কেকের স্টল বসানো উদ্যোক্তা লুবনা, প্রিতি, নাফিসা, নওরিনসহ অন্যান্যরা জানান, বাসায় তৈরি কেক নিয়ে এসেছিলাম, যা সন্ধ্যার মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে। দর্শনার্থীদের চাহিদা অনেক বেশি। এতে আমাদের পণ্যের প্রসার ঘটছে আমরা খুবই আনন্দিত।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই বৈশাখী পিঠা মেলা শুধু বিনোদনের মাধ্যমই নয়, বরং বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









