রাজধানীর তুরাগ থানা এলাকায় অটোরিক্সা চালক সাইফুল ইসলাম (৪২) হত্যা মামলার প্রধান সন্দেহভাজনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলেন—মো. শহীদুল ইসলাম (৩৪) এবং স্বপন শেখ ওরফে কবির শেখ (২৮)। তাদের মধ্যে শহীদুলকে ঢাকা জেলার ধামরাই থানার স্ট্যান্ড ওভারব্রিজ এলাকা থেকে এবং স্বপনকে তুরাগ থানাধীন দিয়াবাড়ি মেট্রোরেল ভবনের সামনে থেকে আটক করা হয়।
মামলার বিবরণে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় অটোরিক্সা নিয়ে বের হয়ে নিখোঁজ হন সাইফুল ইসলাম। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর ১৭ ফেব্রুয়ারি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন ১৮ ফেব্রুয়ারি বিকেলে তুরাগ এলাকার একটি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবার সাইফুলের মরদেহ শনাক্ত করে।
পরবর্তীতে নিহতের স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে তুরাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করলে র্যাব-১ ছায়া তদন্ত শুরু করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা সংঘবদ্ধভাবে পরিকল্পনা করে সাইফুল ইসলামকে যাত্রী সেজে ভাড়া করে নিয়ে যায়। পরে তাকে তুরাগের কামারপাড়া এলাকায় একটি কাঁচাবাজারে অচেতন করে অটোরিক্সাসহ ১৬ নম্বর সেক্টরের একটি লেকে নিয়ে গিয়ে পানিতে ফেলে হত্যা করা হয়। হত্যার পর অটোরিক্সাটি বিক্রি করে টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় তারা।
র্যাব জানায়, এ ঘটনায় জড়িত আরও কয়েকজন—বাবুল, নাইম, সোবাহান ও নার্গিস—বিভিন্ন মামলায় বর্তমানে কারাগারে রয়েছে।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









