বগুড়ার সারিয়াকান্দিতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন তিল, পাট ও উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
রবিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ।
এ সময় জানানো হয়, উপজেলার মোট ১ হাজার ৮১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ১ হাজার ৫০০ জনকে ধান, ২৭০ জনকে পাট এবং ৪০ জনকে তিল বীজ প্রদান করা হবে। এছাড়া পেঁয়াজ সংরক্ষণ ও পচন রোধে ৪ জন নির্বাচিত কৃষকের মাঝে আধুনিক ‘এয়ার ফ্লো মেশিন’ প্রদান করা হয়।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্মৃতিন্নাহার বিথীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন।
এ সময় পৌর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম (মুন্সি), যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপকারভোগী কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









