ঝিনাইদহের মহেশপুর উপজেলায় তুষার সিরামিকস কারখানার বর্জ্যের কারণে তিন ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকরা।
বৃহস্পতিবার (৩০এপ্রিল) সকালে ফতেপুর ইউপির সাড়াতলা এলাকায় তুষার সিরামিক কারখানার সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে সাড়াতলা, কৃষ্ণচন্দ্রপুর ও পুরন্দরপুর গ্রামের শতাধিক কৃষক অংশ নেন।
এ সময় তারা অভিযোগ করেন, তুষার সিরামিকস কারখানা থেকে নির্গত বর্জ্য ও বিষাক্ত ধোঁয়ার কারণে আশপাশের কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে।
কৃষকদের দাবি, কারখানার বর্জ্য জমিতে পড়ে মাটির উর্বরতা নষ্ট করছে, ফলে ফসল উৎপাদন কমে যাচ্ছে। পাশাপাশি বিষাক্ত ধোঁয়ার প্রভাবে গাছপালা শুকিয়ে যাচ্ছে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
সাড়াতলা গ্রামের কৃষক শফিকুল ইসলাম বলেন, “আমাদের সংসার চলে জমির ফসল দিয়ে। কিন্তু কারখানার ধোঁয়া আর বিষাক্ত পানিতে আমার জমির ধান নষ্ট হয়ে যাচ্ছে। ৪ বছর ধরে এই ক্ষতি হচ্ছে। শুধু আমি নই, গ্রামের অর্ধেক কৃৃষকই একই সমস্যায় রয়েছেন।”
রাইসুল ইসলাম নামের আরেক কৃষক জানান, খালে জমে থাকা কাদাপানির দুর্গন্ধে সড়কে হাঁটা যায় না। গাছগুলো শুকিয়ে মরে যাচ্ছে, অথচ কেউ ব্যবস্থা নিচ্ছে না। ফসলি জমিতে কারখানা করার অনুমতি কে দিল, সেটাই প্রশ্ন।
মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা বলেন, দীর্ঘদিন ধরে তারা এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে আসলেও কারখানা কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বরং নতুন করে কার্যক্রমের পরিধি বাড়ানো হচ্ছে, যা তাদের জন্য আরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ সময় দ্রুত কারখানার বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং কৃষিজমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন স্থানীয় কৃষকরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









