ব্রাহ্মণবাড়িয়ায় পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর সাম্প্রদায়িক হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বুধবার (১৩ মে) দুপুরে শহরের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সামনে থেকে জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে কাউতলী গোলচত্বরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর চলমান হামলা, নির্যাতন ও ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা অবিলম্বে এসব হামলা-নির্যাতন বন্ধ এবং সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, বিশ্বের যেকোনো প্রান্তে মুসলমানদের ওপর নির্যাতনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতের সেক্রেটারি আল্লামা আলী আজম কাসেমী, আল্লামা শামসুল হক সরাইলী মাওলানা মারুফ কাসেমী, মাওলানা ওবায়দুল্লাহ মাদানীসহ জেলা ও উপজেলার বিভিন্ন হেফাজত ইসলামী নেতৃবৃন্দরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









