চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন ও আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ কুলসুম মনি।
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, সাংবাদিক ফারুক হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, কৃষক প্রতিনিধি নাসির উদ্দিন ও হাবিবুর রহমান হেলাল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, কৃষক প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদ কুলসুম মনি বলেন, ‘‘কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার সুযোগ তৈরি করতেই এ ধরনের কংগ্রেসের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, টেকসই ভ্যালুচেইন গঠন এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’’
তিনি আরও বলেন, ‘‘বিশ্বব্যাংকের সহায়তায় সরকার কৃষিখাতকে আরও টেকসই ও রপ্তানিমুখী করতে কাজ করছে। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকরা আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









