পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে ও কেক কেটে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি ক্যাম্পাস সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. শহীদুল ইসলাম বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় আজ পঞ্চম বছরে পদার্পণ করেছে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পাঠ্যবইয়ের পাশাপাশি যোগাযোগ দক্ষতা, কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ে দক্ষতা অর্জন জরুরি।
তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের জন্য ৫০ বছরের একাডেমিক ও ক্যাম্পাস মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলমান রয়েছে এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডিও অগ্রসর হচ্ছে, যা চলতি বছরের জুনের মধ্যে শেষ হওয়ার আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, জিয়াউল আহসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
বক্তারা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করে বলেন, এই প্রতিষ্ঠানটি দক্ষিণাঞ্চলের শিক্ষা, গবেষণা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









