টালিউড অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে আবারও প্রতারণার অভিযোগ উঠেছে। এবার তার বিরুদ্ধে ১ কোটি ৫ লাখ রুপি আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছেন কৌশিক কর্মকার নামের এক ব্যক্তি।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কৌশিক কর্মকার দাবি করেছেন—সোহমের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সোহম এন্টারটেইনমেন্ট’-এ একটি চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি এই অর্থ বিনিয়োগ করেছিলেন।
অভিযোগ অনুযায়ী, ‘লাল সুটকেসটা দেখেছেন?’ নামের একটি সিনেমায় অভিনয়ের কথা ছিল সোহমের। সেই প্রকল্পের জন্যই বিনিয়োগ করা হয়েছিল অর্থ। তবে পরে সিনেমাটি আর নির্মিত হয়নি এবং সোহমও এতে অংশ নেননি।
কৌশিক কর্মকারের আরও অভিযোগ, বিনিয়োগের অর্থ ফেরত চাইলে সোহম নিজেকে সাবেক বিধায়ক পরিচয় দিয়ে তাকে হুমকি দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালে আড়িয়াদহের একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কৌশিক এই অর্থ দেন। কিন্তু চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন হয়নি এবং বিনিয়োগের টাকাও ফেরত পাননি তিনি।
প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট চুক্তিপত্রে ভুয়া নথি ব্যবহারের অভিযোগও উঠে এসেছে। অভিযুক্ত প্রতিষ্ঠানের ঠিকানা কলকাতার চারু মার্কেট থানা এলাকায় নিবন্ধিত বলে জানা গেছে।
গত ১৯ মে কৌশিক কর্মকারের অভিযোগের ভিত্তিতে চারু মার্কেট থানায় প্রতারণা ও জালিয়াতিসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনে সোহম চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হতে পারে।
উল্লেখ্য, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে চণ্ডীপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সোহম চক্রবর্তী। পরে করিমপুর কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নিলেও জয় পাননি তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









