বলিউডে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে অভিনেতা রাঘব জুয়াল ও কনটেন্ট ক্রিয়েটর-অভিনেত্রী নীহারিকাকে ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অন্তরঙ্গ কিছু ছবি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা—এটি কি বাস্তব জীবনের প্রেম, নাকি নতুন সিনেমার প্রচারণার অংশ?
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার রাঘব ও নীহারিকা নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একই ধরনের কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, লাল সোয়েটশার্ট পরা নীহারিকাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছেন রাঘব। দুজনের মুখেই ছিল হাসি। পোস্টের ক্যাপশনে তারা শুধু একটি লাল হৃদয়ের ইমোজি ও একটি তারার চিহ্ন ব্যবহার করেন, যা রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।
ছবি প্রকাশের পরই মন্তব্যের বন্যা বয়ে যায়। রাফতার, শেহনাজ গিলসহ বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখ শুভকামনা জানিয়েছেন। ভক্তদের কেউ তাদের ‘পারফেক্ট কাপল’ বলছেন, আবার কেউ মনে করছেন, এটি আসন্ন সিনেমার প্রচারণার কৌশল।
বিনোদন সংশ্লিষ্ট সূত্রের দাবি, খুব শিগগিরই বিবেক বি আগারওয়াল পরিচালিত ‘ভাই তেরা স্টার হ্যায়’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে রাঘব ও নীহারিকাকে। ছবিটিতে আরও অভিনয় করেছেন সঞ্জয় কাপুর, নিকি ওয়ালিয়া ও বরখা সিং। ফলে অনেকের ধারণা, সিনেমাটির প্রচারণা ঘিরেই এই রহস্যময় পোস্ট করা হয়েছে।
তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত রাঘব বা নীহারিকার কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও বেড়েছে।
রাঘব জুয়ালের ব্যক্তিগত জীবন এর আগেও আলোচনায় ছিল। একসময় অভিনেত্রী শেহনাজ গিলের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও, সে বিষয়ে কেউই প্রকাশ্যে কিছু বলেননি। সম্প্রতি ‘কিল’ সিনেমায় খলচরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন রাঘব।
অন্যদিকে, হাস্যরসাত্মক ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া নীহারিকা গত বছর ‘পেরুসু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। এখন দেখার বিষয়, রাঘব-নীহারিকার এই ঘনিষ্ঠতা বাস্তব জীবনের সম্পর্কের ইঙ্গিত, নাকি নতুন সিনেমার প্রচারণার অংশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









