প্রিয়াঙ্কা চোপড়া—ভারতে জন্ম নেওয়া এই অভিনেত্রী এখন বিশ্বজুড়ে পরিচিত এক আন্তর্জাতিক তারকা। অভিনয়, সৌন্দর্য ও ব্যক্তিত্ব দিয়ে তিনি তৈরি করেছেন নিজের আলাদা পরিচয়। জন্মদিনের বিশেষ দিনে প্রিয়াঙ্কার এক ভিন্ন রূপের ঝলক সামনে এনেছেন নির্মাতা এস এস রাজামৌলি।
রাজামৌলির নির্মাণাধীন সিনেমা ‘বারাণসী’-তে ‘মন্দাকিনী’ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। জন্মদিন উপলক্ষে ছবিটির সেই চরিত্রের দুটি স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে।
‘বারাণসী’র ইনস্টাগ্রাম পেজে ছবিগুলো প্রকাশ করে লেখা হয়েছে, ‘আরও নতুন অভিযান, আরও আবিষ্কার এবং দিগন্তজোড়া যাত্রার জন্য…।’
প্রথম ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা গেছে রহস্যময় ও শক্তিশালী এক আবহে। কালো করসেট-স্টাইলের পোশাক, স্বচ্ছ লম্বা হাতা, এলোমেলো খোঁপা, স্মোকি আই মেকআপ এবং সবুজ পান্নার দুলে তাকে দেখা গেছে ভিন্ন সাজে। ছবির মূল আকর্ষণ তার তীক্ষ্ণ দৃষ্টি।

অন্য ছবিতে সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়েছেন এই অভিনেত্রী। সাদা ক্রপ টপ, বেইজ রঙের ঢিলেঢালা শার্ট ও কালো কার্গো প্যান্টে তাকে দেখা যায় প্রাণবন্ত ভঙ্গিতে। পেছনে পাহাড়, সবুজ তৃণভূমি এবং জেব্রা-জিরাফের উপস্থিতি ছবিটিতে দিয়েছে অ্যাডভেঞ্চারের আবহ।
সিনেমায় প্রিয়াঙ্কার চরিত্রটিকে নির্মাতারা বর্ণনা করেছেন একজন দুর্ধর্ষ ও বিশ্বভ্রমণকারী নারী হিসেবে—যিনি একই সঙ্গে শক্তিশালী, সংবেদনশীল এবং স্মরণীয়।
ছবির পোস্টার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, প্রিয়াঙ্কা কি সিনেমায় প্রধান খলনায়িকার চরিত্রে থাকছেন? আবার অনেকেই তার দীর্ঘ ক্যারিয়ারে ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেছেন।
‘আরআরআর’-এর বৈশ্বিক সাফল্যের পর এস এস রাজামৌলি নতুন সিনেমা ‘বারাণসী’ নিয়ে হাজির হচ্ছেন। বিশাল বাজেট ও আয়োজনের এই সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।
পৌরাণিক কাহিনি, ভারতীয় লোককথা এবং টাইম ট্রাভেলের মতো বিজ্ঞান কল্পকাহিনির উপাদান মিলিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। আগামী বছরের এপ্রিলে এটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









