ফিলিপাইনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’ নির্বাচিত হয়েছেন মিসবাহ আরশাদ। এর মাধ্যমে চতুর্থ পাকিস্তানি নারী হিসেবে আসন্ন আন্তর্জাতিক মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নিজ দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি।
অনুষ্ঠানে মিস ইউনিভার্স পাকিস্তান ফ্র্যাঞ্চাইজির মালিক জশ ইউগেন নতুন বিজয়ী মিসবাহ আরশাদকে অফিশিয়াল স্যাশ পরিয়ে দেন। তার পূর্বসূরি রোমা রিয়াজ মিসবাহর মাথায় বিজয়ীর মুকুট তুলে দেন।
চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে দুর্দান্ত উত্তর দিয়ে বিচারকদের মন জয় করেন মনোবিজ্ঞানের শিক্ষার্থী মিসবাহ। বিচারক মণ্ডলীর সদস্য, ফিলিপিনো সংগীতশিল্পী ও অভিনেতা বেইলি মে তাকে প্রশ্ন করেন—যদি তার ১০ বছর ও ৮০ বছর বয়সি দুই রূপ একই কক্ষে মুখোমুখি হয়, তাহলে কার প্রশ্নটি বেশি কঠিন হবে?
উত্তরে মিসবাহ জানান, তার ১০ বছর বয়সি রূপটিই সবচেয়ে কঠিন প্রশ্ন করবে। কারণ সে জানতে চাইবে, বড় হয়ে তার জীবন কেমন কেটেছে।
মিসবাহ বলেন, ‘আমি আমার শৈশবের রূপকে বলব যে জীবনে বহুবার আমি ব্যর্থ হয়েছি, কিন্তু প্রতিবারই নতুন করে ঘুরে দাঁড়িয়েছি। এটি জীবনের এক সুন্দর চক্র, যা শুধু মেনে নেওয়াই নয়, বরং উপভোগ করা উচিত। কারণ আগুন যত উত্তপ্ত হয়, সোনা তত খাঁটি হয়।’
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় মিসবাহর অংশগ্রহণ এবারই প্রথম নয়। এর আগে তিনি জাপানে ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৩’ এবং পোল্যান্ডে ‘মিস সুপ্রান্যাশনাল ২০২৪’-এ পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন।
নিজের দীর্ঘ পথচলা নিয়ে মিসবাহ বলেন, ‘ব্যর্থতা দিয়ে জয়ী বা বিজয়ী নির্ধারণ করা যায় না। আসল বিষয় হলো আশা বজায় রাখা এবং প্রতিটি পদক্ষেপে নিজেকে আরও উন্নত করা। মুকুট জয় বড় বিষয় হলেও, এই পথচলায় শেখা শিক্ষা এবং মানুষের সঙ্গে তৈরি হওয়া সম্পর্কই আমার জন্য আসল পুরস্কার।’
পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া ৭৫তম মিস ইউনিভার্সের মূল আসরে অংশ নেবেন মিসবাহ।
উল্লেখ্য, ২০২৩ সালে যাত্রা শুরু করে মিস ইউনিভার্স পাকিস্তান ফ্র্যাঞ্চাইজি। সে বছর দেশটির প্রথম প্রতিনিধি হিসেবে ইতিহাস গড়ে এল সালভাদরে ‘টপ ২০’-এ জায়গা করে নেন এরিকা রবিন। পরের বছর মেক্সিকোতে নূর জারমিনা এবং ২০২৫ সালে রোমা রিয়াজ পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন।
পরবর্তীতে রোমা রিয়াজ ফ্র্যাঞ্চাইজিটির জাতীয় পরিচালকের দায়িত্ব নেন এবং নতুন প্রতিযোগীদের প্রশিক্ষণ দিতে শুরু করেন। এবার সেই ধারাবাহিকতায় মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬-এর মুকুট উঠল মিসবাহ আরশাদের মাথায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









