প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা টিম কারি আর নেই। গত ২৫ আগস্ট লস অ্যাঞ্জেলেসের তুলুকা লেকে নিজ বাসভবনে ৮০ বছর বয়সে মারা যান ‘দ্য রকি হরর পিকচার শো’খ্যাত এই অভিনেতা।
পাঁচ দশকের অভিনয়জীবনে থিয়েটার, চলচ্চিত্র, টেলিভিশন, ভয়েস অভিনয় ও ভিডিও গেমে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন টিম কারি। ১৯৭৩ সালে লন্ডনের রয়্যাল কোর্ট থিয়েটারে ‘দ্য রকি হরর পিকচার শো’ নাটকে ড. ফ্র্যাঙ্ক-এন-ফার্টার চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। ১৯৭৫ সালে নাটকটির চলচ্চিত্র রূপ মুক্তির পর চরিত্রটি তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দেয়।
‘ইট’ সিনেমায় ভয়ঙ্কর ক্লাউন পেনিওয়াইজ চরিত্রেও দর্শকদের নজর কাড়েন তিনি। এ ছাড়া ‘হোম অ্যালোন ২’, ‘মুপেট ট্রেজার আইল্যান্ড’, ‘অ্যানি’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’ ও ‘ক্লু’সহ বিভিন্ন জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।
ব্রডওয়ে মঞ্চেও তার ছিল উজ্জ্বল ক্যারিয়ার। তিনবার টনি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন এই অভিনেতা। ২০১২ সালে স্ট্রোকে আক্রান্ত হয়ে শারীরিকভাবে সীমাবদ্ধ হয়ে পড়লেও অভিনয় ছাড়েননি। ভয়েস অভিনয়ের পাশাপাশি ভিডিও গেমেও কাজ করেছেন তিনি। গত বছর প্রকাশ করেন নিজের আত্মজীবনী ‘ভেগাবন্ড’।
টিম কারির মৃত্যুতে সহশিল্পী ও বিশ্বজুড়ে তার অনুরাগীরা শোক প্রকাশ করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









