প্রায়ই ব্রাইডাল ফটোশুটে নিজেকে মেলে ধরেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। হাতে সিনেমার কাজ নিয়ে ব্যস্ততা না থাকলে মেকওভারের কাজে তাকে দেখা যায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ব্রাইডাল মেকওভারে কনে সেজেছেন অপু। সঙ্গে বর বেশে ছিলেন চিত্রনায়ক আদর আজাদ। এতে বেশ প্রশংসা পাচ্ছেন তারা।

কিছু ছবিতে আদর আজাদের সঙ্গে একফ্রেমে পোজ দিয়েছেন অপু বিশ্বাস। যে কারণে কেউ কেউ বলছেন, তাদের দুজনকে মানিয়েছে। এমনকি শাকিব খানের চেয়েও আদর আজাদের পাশে অপুকে বেশি মানাচ্ছে বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।

বিয়ের হলুদের সাজে যেমনটা দেখা যায়, তেমনই ছিল তাদের পোশাক। অপু বিশ্বাস সম্প্রতি তার ফেসবুকে একটি ভিডিও ও কিছু ছবি প্রকাশ করেছেন। সেখানেই ফুটে উঠেছে তাদের এই ফটোশুটের দৃশ্য। নিজেদের এই ফটোশুটকে সুন্দর এক ছন্দে তুলে ধরে অপু লিখেছেন, ‘সোনায় মোড়ানো, ভালোবাসায় নোঙর করা’।

এতে অপু বিশ্বাসকে দেখা গেছে জলপাই রঙের নান্দনিক কাজ করা লেহেঙ্গায়। এর ওড়নার রং ছিল হলুদ। পোশাকের এই দুই রঙের সমন্বয় অপু বিশ্বাসকে আরও নজরকাড়া করে তুলেছে। কানে ও গলায় ভারী অলংকারে তার কনে সাজ পূর্ণতা পেয়েছে।
অন্যদিকে বর সেজে থাকা আদর আজাদকেও বেশ মানিয়েছে। তাকে পরানো হয়েছে লাল কাজ করা পাঞ্জাবি। বর-কনের সাজে রাজকীয় ভঙ্গিতে দুজনকে একসঙ্গে বেশ কিছু পোজ দিতে দেখা যায়। কখনো অপুর লাল দোপাট্টার নিচে আদর আজাদকে দেখা গেছে, আবার কখনো মুখে মিষ্টি হাসি রেখে ভিন্নভাবে পোজ দিয়েছেন অপু।

বিশেষ এই ফটোশুটে অপু বিশ্বাস তার মেকওভারের নেপথ্যে থাকা ব্যক্তিদের ক্রেডিট দিয়েছেন। পুরো শুটের স্টাইলিং ও কনসেপ্ট, গহনা এবং পোশাকেরও ক্রেডিট দিয়েছেন এই চিত্রনায়িকা। তাদের এই ফটোশুট ও মেকওভার এখন অপু-আদর দুজনের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় শোভা পাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









